Tuesday , 18 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

মহাসড়কে এবার এআইয়ের চোখ

প্রতিবেদক
Newsdesk
August 18, 2026 8:52 pm

নিজস্ব প্রতিবেদক : 

মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হওয়া এ ব্যবস্থা পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এআইভিত্তিক স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন ব্যবস্থার সাফল্য ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পর্যায়ক্রমে দেশের সব মহাসড়কে এ প্রযুক্তি চালু করা হবে। এর মাধ্যমে মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা কমানো এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোরভাবে বন্ধ করতে হবে। মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের কেউ চাঁদাবাজিতে জড়িত থাকলেও এআই ক্যামেরায় তা রেকর্ড হবে। ফলে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন থ্রি-হুইলার এবং অযান্ত্রিক যানবাহন মহাসড়কে চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি। তবে স্থানীয় ফিডার সড়ক ও জ্বালানি নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন।

হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৯০টি পিলারে ইতোমধ্যে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে ওভারটেকিং, ট্রাফিক সংকেত অমান্য, উল্টোপথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে।

আইন লঙ্ঘনকারী গাড়ির তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিআরটিএর তথ্যভান্ডারে চলে যাবে। এরপর নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে মামলার তথ্য জানানো হবে। জরিমানার অর্থও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করা যাবে।

বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজি ফারুক আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link