অপরাধচিত্র প্রতিবেদন:
নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভর্তি ফি নিয়ে অভিভাবকদের হয়রানি বন্ধ এবং ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় ইতোমধ্যে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় নিষিদ্ধ করা হয়েছে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে ভর্তি সংক্রান্ত এসব বিধিনিষেধ কার্যকর করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনিয়ম নিয়ন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় ভর্তি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং পুনঃভর্তি ফি নিষিদ্ধের বিষয়টি কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ভর্তি মৌসুমে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত ফির বাইরে বিভিন্ন খাতে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ ধরনের প্রবণতা বন্ধে তদারকি জোরদার এবং নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
অন্যদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির সময়সূচিও প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন অনলাইনে গ্রহণ করা হবে আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। প্রথম শ্রেণির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
মাউশির নির্দেশনায় ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একই সঙ্গে ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট তদারকি কমিটির পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাসংশ্লিষ্টদের মতে, ভর্তি মৌসুমে অতিরিক্ত ফি আদায়ের চাপ সবচেয়ে বেশি পড়ে সাধারণ ও নিম্ন আয়ের পরিবারের ওপর। সরকারের নতুন নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা গেলে অভিভাবকদের আর্থিক হয়রানি কমার পাশাপাশি ভর্তি বাণিজ্য নিয়ন্ত্রণেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।


















