চকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ঐতিহ্যবাহী ইলিশিয়া গরুর বাজার অপসারণে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসক কিংবা চকরিয়া উপজেলা প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে ইলিশিয়া গরুর বাজার পরিচালিত হয়ে আসছে। বাজারটি বন্ধের দাবিতে চকরিয়া পৌরসভার গণেশ্যাম বাজার এলাকার দলিল আহমদের ছেলে শামীম ওসমান বাদী হয়ে গত ১৭ মে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের পরিপ্রেক্ষিতে গত ২৭ জুলাই হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ইলিশিয়া গরুর বাজার অপসারণের নির্দেশনা দিয়ে আদেশ দেন বলে জানান রিটকারী শামীম ওসমান।
তবে স্থানীয়দের দাবি, আদালতের নির্দেশনার পরও বাজারের কার্যক্রম বন্ধ হয়নি। বরং প্রভাবশালী মহলটি নিজেদের স্বার্থে আদালতের নির্দেশনা উপেক্ষা করে বাজার পরিচালনা করে যাচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (৯ আগস্ট) দুপুরে সরেজমিনে দেখা যায়, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়সংলগ্ন মাঠে বিশাল গরুর বাজার বসেছে। সেখানে বিভিন্ন এলাকা থেকে আনা গরু কেনাবেচা হচ্ছে। বাজারের কারণে বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বাজার বসার দিন বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে এবং বিশেষ করে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় তাদের নানা ধরনের দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়রা জানান, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী দ্রুত বাজারের কার্যক্রম বন্ধ করে আদেশ বাস্তবায়ন করা প্রয়োজন। আদালতের নির্দেশ অমান্য করে কোনো মহল যাতে বেআইনিভাবে বাজার পরিচালনা করতে না পারে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
তাদের অভিযোগ, আদালতের আদেশ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। একই সঙ্গে আদালতের নির্দেশনা অমান্যের বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, “আদালতের একটি নির্দেশনা হাতে এসেছে। এ বিষয়ে লিখিত জবাব দেওয়া হবে। পাশাপাশি আদালতের নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


















