জাফর আলম,কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের গর্ত থেকে বের হওয়া গ্যাসে জ্বলে ওঠা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টার থেকে আগুন জ্বলা শুরু হয়ে এখন পর্যন্ত জ্বলছে। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলের আশপাশে ২০০ মিটারের মধ্যে মানুষের ঢোকা ও অবস্থান নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে উখিয়া উপজেলা ইউএনও পান্না আক্তারের সই এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরবর্তী সময়ে নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।আদেশে বলা হয়, ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ ঢোকানোর সময় গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে।ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল স্থানটি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শও দিয়েছে দলটি।
আদেশে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি সভা হয়।সভায় আগুনের উৎসস্থল আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা জোনে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।এ অবস্থায় ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো ধূমপানদিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি করতে পারে এমন সব কাজ নিষিদ্ধ করা হয়েছে। জননিরাপত্তার জন্য আগুনের উৎসস্থল থেকে প্রায় ২০০ মিটারের মধ্যে মানুষের ঢোকা ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। যার এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


















