গলাচিপা, প্রতিনিধি (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় জেলেদের ‘ভিজিএফ’ চালের মাস্টার রোলে গোপনে টিপসই দেওয়ার অভিযোগ উঠেছে চরকাজল ইউনিয়ন পরিষদের ঝাড়ুদারের বিরুদ্ধে। ‘ভিজিএফ’ চালের মাস্টার রোলে চরকাজল ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুল্লাহ’র নির্দেশে এ কাজ করছেন বলে জানিয়েছেন একাই টিপসই দেওয়া ঝাড়ুদার মো. দুলাল হোসেন। তবে এ ঘটনার বিষয় অবহিত নয় বলে দাবী করেছেন চরকাজল ইউপি চেয়ারম্যারন হাবিবুর রহমান মোল্লা ও ইউপি প্রশাসনিক কর্মকর্তা।
এলকাবাসী ও একটি ভিডিওর সূত্রে জানা গেছে, গত মঙ্গল ও বুধবার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ হাজার ৫৭৭ জন জেলের মধ্যে ৩ হাজার ১০৬জন জেলেদের ২০২৬-২০৭ অর্থ বছরের ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ আরোহণ থেকে বিরত থাকা জেলেদের মানবিক সহায়তা ‘ভিজিএফ’ খাদ্যশষ্য বিতরণ করা হয়। এ চাল বিতরণের পর রাতের আধারে চরকাজল ইউনিয়ন পরিষদের একটি কক্ষ বন্ধ করে গভীর রাতে ওই ইউপির ঝাড়ুদার দুলাল গোপনে একাই বিতরণকৃত চালের মাস্টার রোলের কাগজে টিপসই দিচ্ছেলেন। এসময় স্থানীয় বাসিন্দারা ঘটনার ভিডিও ধারণ করেন।
পরে বিষয়টি সম্পর্কে ওই ইউপির ঝাড়ুদার দুলাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ইউপি সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মহিবুল স্যার আমাকে টিপ দিতে কইছে। কেন দিতে কইছে সেটা সেই জানে।’
এ বিষয় চরকাজল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুল্লাহ কাছে এ বিষয় মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আমি কিছুই জানি না। ওগুলো মেম্বরদের কাজ। এছাড়া আমার কিছুই জানা নাই বলে ফোন কেটে দেন।
এদিকে এ ঘটনা সম্পর্কে চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, এগুলো আমি কিছুই জানি না। যারা করেছে এটা তাদের ব্যাপার।
ঘটনা সম্পর্কে চরকাজল ইউনিয়নের ভিজিএফ চালের ট্যাগ অফিসার এবং গলাচিপা উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে কর্মকর্তা মহিবুল্লাহ আহসান বলেন, সোম ও বুধবার জেলেদের মধ্যে চাল দেওয়া হয়েছে। আমি সোমবার কিছু সময়ের জন্য চরকাজল ইউনিয়ন পরিষদে ছিলাম। বুধবার পুরো সময়টাতেই ছিলাম। প্রথম দিন আমার রাঙ্গাবালী উপজেলায় অতিরিক্ত দায়িত্ব থাকার কারণে সেখানে যেতে হয়েছে। আমি থাকা অবস্থায় সুবিধাভোগীদের টিপসই নিয়েই চাল দেওয়া হয়েছে। আমার অবর্তমানে কী হয়েছে তা জানি না।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বলেন, এ ঘটনার কোন অভিযোগ পাইনি। তথ্য বা অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















