Monday , 9 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মির্জাগঞ্জে তুচ্ছ বিরোধে ৭৫ বছরের বৃদ্ধ ও গৃহবধূকে মারধরের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
November 9, 2026 5:24 pm

বৃদ্ধ হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ; অভিযুক্তের দাবি, নারীদের মধ্যে ঝগড়া হয়েছে

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ বিরোধের জেরে এক গৃহবধূ ও তাঁর ৭৫ বছর বয়সী শ্বশুরকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মোছা. মুক্তা বেগমের পরিবারের সঙ্গে একই বাড়ির লিটন খান ও তাঁর পরিবারের সদস্যদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাগানের সুপারির খোল কুড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে বিবাদীরা মুক্তা বেগমকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করায় মাজেদা বেগম ও মোছা. বেগম তাঁর বসতঘরের সামনের উঠানে গিয়ে চুলের মুঠি ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।

এ সময় পুত্রবধূকে রক্ষা করতে তাঁর শ্বশুর ৭৫ বছর বয়সী মো. কাঞ্চন আলী খান এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। লিটন খান ও মজিদ খানের নেতৃত্বে কয়েকজন তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এতে তাঁর মাথা, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফুলা জখম হয় বলে পরিবারের দাবি।

পরে আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত কাঞ্চন আলী খানকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ অস্বীকার অভিযুক্তের

অভিযোগের বিষয়ে প্রধান অভিযুক্ত লিটন খান বলেন, “লাকড়ি নিয়ে মহিলাদের মধ্যে ঝগড়া হয়েছে। আমি কাউকে মারিনি। আমার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা।”

তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের

মির্জাগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই আল-আমীন বলেন, “মারামারি হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। আমি ইতোমধ্যে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত কাঞ্চনের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা

সর্বশেষ - জেলার খবর