শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া:
ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী রোকসানা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান আসামি মো. সাকিবকে (২২) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯ ও এসআরবি-৪-এর যৌথ আভিযানিক দল।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব নরসিংদী জেলার পলাশ থানার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
এসআরবি সূত্রে জানা যায়, নিহত রোকসানা বেগম তার দুই সন্তানকে নিয়ে ঢাকার আশুলিয়া থানার কলতাসুতি মরিচকাটা এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। তার স্বামী প্রবাসে থাকেন। আসামি সাকিব ওই এলাকায় ময়লা পরিষ্কারের কাজ করতেন। ময়লা অপসারণের বিল সংগ্রহের জন্য বিভিন্ন সময় তিনি রোকসানার বাসায় যাতায়াত করতেন।
গত ৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে রোকসানা পানির মোটর বন্ধ করতে বাসার বাইরে যান। দীর্ঘ সময়েও ফিরে না আসায় তার মেয়ে মীম আক্তার রিয়া (১৮) মাকে খুঁজতে বের হন। একপর্যায়ে ভবনের ছাদে যাওয়ার পথে প্রবেশদ্বারের কাছে সাকিবকে হাতে একটি চাকু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। মেয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান সাকিব।
বিষয়টি সন্দেহজনক মনে হলে মেয়ে চিৎকার করেন। পরে আশপাশের ভাড়াটিয়াদের নিয়ে ভবনের পঞ্চম তলার ছাদে গিয়ে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪৮, তারিখ ৮ অক্টোবর ২০২৬। ধারা ৩০২/২০১/৩৪, পেনাল কোড ১৮৬০।
এসআরবি জানায়, ঘটনার পর থেকে আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ দল সুলতানপুর বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি সাকিবকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাকিব জানান, ঘটনার দিন ভবনের ছাদে রোকসানাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় রোকসানা বাধা দিলে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যার ঘটনা আড়াল করতে ছাদের ওপর থাকা বালু ও সিমেন্টের বস্তা দিয়ে মরদেহ ঢেকে রাখেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


















