Friday , 31 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
July 31, 2026 12:55 pm

হবিগঞ্জ প্রতিনিধি : 

হবিগঞ্জে দেশিয় অ স্ত্র নিয়ে হামলার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ এনসিপির ১০ নেতার নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় এ অভিযোগ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।

অভিযুক্তরা হলেন- এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা জাতীয় শক্তির আহ্বায়ক নুর আলম চৌধুরী, জেলা কমিটির সদস্য ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক, জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল এবং জেলা কমিটির সদস্য ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনে শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে ছাত্রদলের নেতাকর্মীরা কোর্ট মসজিদের সামনে জড়ো হন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি শুরু করে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে সেখানে এসে হামলা চালায়।

হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল, ইটের টুকরোসহ বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সংঘর্ষের সময় অভিযোগকারীর আইফোন-১৩, মোজাক্কির হোসেন ইমনের আইফোন-১১, মাহফুজ চৌধুরীর আইফোন-১৪, শিমুল হাসানের আইফোন-১৫, মাহমুদুল হাসান গাজীর স্যামসাং এস-২২ এবং রক্সি ইসলামের কাছ থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান। আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক বলেন, ছাত্রদলের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার অভিযোগে বুধবার (২৯ জুলাই) রাত ৯টার দিকে বাহুবল উপজেলার কামাইছড়া ফাঁড়িতে মামলাটি দায়ের করা হয়।

 

 

সর্বশেষ - রাজনীতি