অপরাধচিত্র প্রতিনিধি (নাটোর): নাটোরের সিংড়ার খেজুরতলায় সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
২ আগস্ট রবিবার ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন নাটোর সদরের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের মো. ফায়েজ মিয়ার ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি মাছবাহী পিকআপ সিংড়া মাছ আড়তের দিকে যাচ্ছিল। পথে অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আফজালের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর পিকআপের ড্রাইভার ইলিয়াস আলী পালিয়ে গেছে। নিহতের মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















