মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রসিকিউটরের ‘কোটি টাকা ঘুষ দাবির’ অডিও ফাঁস: তদন্ত শুরু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ তদন্তে ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ সদস্যের এই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামকে। কমিটির অন্য সদস্যরা হলেন: প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমন এবং রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।

এর আগে বিকেলে ট্রাইব্যুনালের অন্য সদস্যদের নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এক কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনায় পুরো বিচার প্রক্রিয়া শতভাগ প্রশ্নবিদ্ধ হয়েছে। ট্রাইব্যুনাল গঠনের পর থেকে আসা সমস্ত অভিযোগের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।’

প্রসিকিউটরদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “আমার দায়িত্ব পালনকালে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। এখানে কাজ করতে হলে নির্লোভ হতে হবে, নতুবা থাকার প্রয়োজন নেই। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।”

গত সোমবার (৯ মার্চ) জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হয়। অভিযোগ ওঠে, তৎকালীন প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার আসামিকে জামিন পাইয়ে দেয়ার বিনিময়ে এই বিপুল অঙ্কের টাকা দাবি করেন। হোয়াটসঅ্যাপে হওয়া সেই কথোপকথনের একাধিক রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার বর্তমানে প্রসিকিউশন টিমে নেই। তিন দিন আগে তিনি পদত্যাগপত্র জমা দিলে সোমবার (৯ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় তাকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

 

 

সর্বশেষ - রাজনীতি