নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, এ নির্বাচনের বিস্তারিত তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রায় পৌনে তিন ঘণ্টার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিদ্যমান আইন অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের ফলাফলের ভিত্তিতে দল ও জোটভিত্তিক আনুপাতিক হারে ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনী ফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপি এককভাবে সর্বোচ্চ ৩৬টি আসন পাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাচ্ছে ১২টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ১টি আসন।
স্বতন্ত্র প্রার্থীরা যদি জোটবদ্ধ হন, তবে ২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ছোট দলগুলো এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের আসন পাওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আইন অনুযায়ী, সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়। গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দল ও জোটভিত্তিক সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করতে হয়। সেই তালিকার ভিত্তিতে কমিশন মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ৮ এপ্রিল তফসিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের প্রক্রিয়া শুরু করতে পারবেন।


















