নিজস্ব প্রতিবেদক :
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। এদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
জানা গেছে, সরকারের আর্থিক পরিকল্পনা বাস্তবায়নে বছরের একটি নির্দিষ্ট সময়ে বাজারে কী পরিমাণ অর্থের সরবরাহ থাকবে, সেটির সম্ভাব্য পরিকল্পনা থাকে মুদ্রানীতিতে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল রাখার মতো বিষয়ও মাথায় রাখা হয়।
বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে থাকে। মঙ্গলবার ঘোষিত মুদ্রানীতি চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য কার্যকর থাকবে।
এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিদায়ী অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। সে সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিসুদ ১০ শতাংশে অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন গভর্নর আহসান এইচ মনসুর।
উল্লেখ্য, দেশে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ২০২২ সালের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে নীতিসুদ হার বাড়িয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। তবে ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করার পর বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাজেটেও সেই পরিকল্পনার আলোকে বন্ধ কারখানার চালু করতে বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করা হয় ৬০ হাজার কোটি টাকার।


















