নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় মো. মোতালেব হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে তার লাশ সড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত স্থানে হত্যার পর তার মরদেহ লেপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ফতুল্লার জামতলা হাজী ব্রাদার্স রোড-সংলগ্ন একটি গলির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকায় জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। মাসদাইর বাজারে তার একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যার পাশাপাশি শরীরে গরম পানির ছ্যাঁকা দেওয়ার আলামতও পাওয়া গেছে।
তিনি আরও জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


















