অপরাধচিত্র ডেস্ক: কনসার্ট চলাকালে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’স্লোগান দেওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড ম্যাসিভ অ্যাটাককে ভবিষ্যতে সিঙ্গাপুরে প্রবেশ ও কনসার্টের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কনসার্ট চলাকালে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’স্লোগান দেওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বুধবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক কনসার্টে ব্যান্ডটির দুই সদস্য মঞ্চে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেন এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। উপস্থিত দর্শকদের একটি অংশও তাঁদের সঙ্গে স্লোগানে যোগ দেয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার তদন্ত শেষে সিঙ্গাপুর পুলিশ ব্যান্ডটির দুই সদস্যকে কঠোর সতর্কবার্তা (স্টার্ন ওয়ার্নিং) দিয়েছে। একই সঙ্গে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে ম্যাসিভ অ্যাটাকের কোনো কনসার্ট আয়োজনের আবেদন অনুমোদন দেওয়া হবে না।

সিঙ্গাপুরে জনসমক্ষে রাজনৈতিক বক্তব্য ও বিক্ষোভের বিষয়ে কঠোর আইন রয়েছে। দেশটির সরকার বলছে, বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখতেই এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পুলিশের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ব্যান্ডটির দুই সদস্যের বিরুদ্ধে ফরেন ন্যাশনাল এমব্লেমস (কন্ট্রোল অব ডিসপ্লে) অ্যাক্ট, ১৯৪৯ এবং পাবলিক অর্ডার অ্যাক্টের সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা হয়েছে। প্রথম আইনে বিশেষ পরিস্থিতি ছাড়া জনসমক্ষে বিদেশি পতাকা প্রদর্শন নিষিদ্ধ, আর দ্বিতীয় আইন অনুযায়ী, রাজনৈতিক জনসমাবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘সিঙ্গাপুরের জাতিগত ও ধর্মীয় সম্প্রীতি ক্ষুণ্ন করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ডকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। বাইরের বিশ্বের ঘটনাগুলো আমাদের সমাজে প্রভাব ফেলতে দেওয়া যাবে না।’
ম্যাসিভ অ্যাটাক বর্তমানে বিশ্ব সফরে রয়েছে। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে তাদের পরবর্তী কনসার্ট হওয়ার কথা।
ট্রিপ-হপ ধারার পথিকৃৎ হিসেবে পরিচিত ম্যাসিভ অ্যাটাক দীর্ঘদিন ধরেই গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুতে সরব। বর্তমানে ব্যান্ডটির সদস্য রবার্ট ডেল নাজা ও গ্রান্ট মার্শাল। চলতি বছরের শুরুতে লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তারও হয়েছিলেন ডেল নাজা। যদিও সিঙ্গাপুরের এই নিষেধাজ্ঞার বিষয়ে ব্যান্ডটির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে ২০২৩ সালে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর সিঙ্গাপুর সরকার জনসমক্ষে যুদ্ধ-সংশ্লিষ্ট প্রতীক, পোশাক বা বিদেশি পতাকা প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল। পাশাপাশি ফিলিস্তিন-সংক্রান্ত বিভিন্ন জনসমাবেশ ও কর্মসূচির বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
তবে সিঙ্গাপুর সরকার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের পক্ষে সমর্থন জানিয়ে আসছে।
















