অপরাধচিত্র প্রতিবেদক (রাজশাহী):রাজশাহীর পবা উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার নাম ওমর ফারুক (৩৫), বাড়ি উপজেলার পাকারমাথা গ্রামে।
শিশুকে যৌন হয়রানির মামলায় গ্রেপ্তার হয়ে ওমর ফারুক এখন কারাগারে। তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক। তিনি জামায়াতে ইসলামীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রুকন ছিলেন। তার ভাই আবু বকর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
গত শুক্রবার সন্ধ্যায় ওমর ফারুককে তার বাড়ি থেকে আটক করে থানায় নেয় পুলিশ। পরে রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত শনিবার সকালে ওমর ফারুককে আদালতে পাঠানো হয়। আদালত তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।


















