আশরাফুল আলম জীবন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদরে স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ ও অনিয়ম রোধে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও প্যাথলজিতে এক যৌথ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইন অমান্য ও নানান অনিয়মের দায়ে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) জেলা শহরের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকারের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, জেলা শহরের মিলেনিয়াম হসপিটাল-এর লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ মেলে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ট্রাস্ট মেডিকেল সার্ভিস নামের অপর একটি প্রতিষ্ঠানে আবাসিক ভবনে নিয়মবহির্ভূতভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা, নিবন্ধনবিহীন ডেঙ্গু পরীক্ষার কিট সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ পুরোনো এক্স-রে মেশিন ব্যবহারের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন ও অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানানো হয়, সাধারণ মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং ভুয়া ও অনুমোদনহীন কার্যক্রম বন্ধে এনএসআই’র তথ্যের ভিত্তিতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অবিলম্বে সরকারি বিধি-বিধান মেনে সেবার মান উন্নয়নের আহ্বান জানানো হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
















