টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে জোরপূর্বক মালয়েশিয়া পাচারের অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই দিন বিকেল ৫টার দিকে কয়েকজন ব্যক্তিকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লম্বরীঘাট এলাকায় নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল বিকেল সাড়ে ৫টায় ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টহল দল লম্বরীঘাট এলাকায় ২০-২৫ জন ব্যক্তিকে অবস্থান করতে দেখে।
এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে দেখে বিজিবি নৌকাটিকে ধাওয়া করে। একপর্যায়ে মানবপাচার চক্রের ১০-১৫ জন সদস্য দ্রুত নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা তাদের জোরপূর্বক পাচারের উদ্দেশ্যে ওই স্থানে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেন।উদ্ধারকৃতরা হলেন -আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯), জান্নাত আরা (১৭), আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) এবং জাহিদ আলম (১৮)।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, মানবপাচার ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।উদ্ধারকৃত ৯ জনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


















