Saturday , 8 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল-সমাবেশ

প্রতিবেদক
Newsdesk
August 8, 2026 6:26 pm

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ১৪৪ ধারা ভেঙে মিছিল করলো বিএনপির স্থানীয় একটি গ্রুপ।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একটি মতবিনিময় সভায় আওয়ামী লীগের পক্ষে সংসদ সদস্য নাছির চৌধুরীর মন্তব্যের জেরে বিএনপির মাসুদ-পাবেল গ্রুপ উপজেলা সদরে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।

অন্যদিকে এমপির গ্রুপও মিছিলের ডাক দিলে উভয় পক্ষে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়।

এর প্রেক্ষিতে উপজেলা প্রশাসন শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ১৪৪ ধারা জারি করে মিছিল মিটিং নিষিদ্ধ করে।

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার এক আদেশে নিষেধাজ্ঞা দেন।

‎আদেশে বলা হয়েছে, দিরাই থানার অফিসার ইনচার্জের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, দিরাই কলেজ রোড ও তৎসংলগ্ন এলাকা।

‎এ সময় এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে প্রশাসনের এই নিষেধাজ্ঞা অমান্য করেই সকাল থেকে পৌর এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের করেন বিএনপির মাসুদ-পাবেল একাংশের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে জড়ো হয়ে সমাবেশ করেন। এই পক্ষটির নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা পাভেল চৌধুরী এবং বর্তমান সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই মাসুক চৌধুরী।

এর আগে গত বৃহস্পতিবার দিরাই থানা পয়েন্টে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে সমাবেশ করেছিল সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন পক্ষ। এর পাল্টা কর্মসূচি হিসেবে আজ পাভেল চৌধুরী ও মাসুক চৌধুরীর সমর্থকেরা সমাবেশের ডাক দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এদিকে সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরাও তাদের নেতাকে ছাড়া কর্মসূচি পালনের প্রতিবাদে সমাবেশস্থলের অদূরে মিছিল ও পথসভা করেছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা একটি কমিউনিটি সেন্টারে আলাদা সমাবেশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি