নিজস্ব প্রতিবেদক :
৩১ জুলাই পর্যন্ত দেশে নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন। এর ফলে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
রবিবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ভোটার তালিকার হালনাগাদ তথ্য তুলে ধরে আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে ৩১ জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়েই বর্তমান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ঘোষিত সময়ে অনুষ্ঠিত হলে এই খসড়া ভোটার তালিকা ব্যবহার করা হবে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তারিখ পরিবর্তন হলে পরবর্তী আপডেটেড তালিকা সম্পূরক ভোটার তালিকা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালার অগ্রগতি সম্পর্কেও জানান ইসি সচিব। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি সংশ্লিষ্ট ফাইল রবিবার আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধাপের নির্বাচনের আচরণবিধি রয়েছে।
এ ছাড়া আইন সংক্রান্ত অন্যান্য নথি প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলো সম্পন্ন হওয়ার পর আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ এর আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ রবিবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিনে বিএনপির প্রতিনিধি দলের কাছে দুটি মনোনয়নপত্র বিক্রি করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬ এর আলোকে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এসে মনোনয়নপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি এসে দুটি ফরম নিয়েছেন। এখন পর্যন্ত অন্য কোনো দল বা স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়নি।

















