আনিসুর রহমান মোল্লা: দেশের প্রথম অনুমোদিত বেসরকারি মেডিকেল প্রতিষ্ঠান ‘বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ (বিএমএসআরআই)-এর ব্যবস্থাপনা কমিটির একচ্ছত্র সিদ্ধান্ত, অনিয়ম এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক প্রতিষ্ঠান দখলের গুরুতর অভিযোগ উঠেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএমএসআরআই-এর অনারারী সেক্রেটারী সামসুন নাহার ও সংক্ষুব্ধ কমিটির সদস্যরা এসব তথ্য ও অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত সামাজিক ও চিকিৎসাসেবামূলক প্রতিষ্ঠান বিএমএসআরআই-এর অধীনে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল (ধানমণ্ডি), বাংলাদেশ ডেন্টাল কলেজ (ধানমণ্ডি) এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালিত হয়ে আসছে। প্রায় ৪০ বছর ধরে সুনাম বজায় রেখে আসা এই প্রতিষ্ঠানে বর্তমানে নানা প্রশাসনিক ও আর্থিক অনিয়ম দেখা দিয়েছে।
গঠনতন্ত্র লঙ্ঘন ও একচ্ছত্র ক্ষমতার অভিযোগ:
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর বিএমএসআরআই-এর তৎকালীন চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন। পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা নিশ্চিত না করে একটি পক্ষ জোরপূর্বক অচল অবস্থা তৈরি করে। অভিযোগ করা হয়, মেজবা উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন ভূঁইয়া এবং ডা. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গঠিত একটি অংশ বেআইনিভাবে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং সংক্ষুব্ধ অন্য সদস্যদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয়।
আদালতের আদেশ ও কার্যালয়ে তালা:
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে সংক্ষুব্ধ সদস্যরা মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হলে আদালত (সিভিল পিটিশন নং- ৩১৬৮/২০২৫) গত ২ মে পরবর্তী ২ মাসের জন্য স্থিতিাবস্থা এবং ধানমণ্ডিস্থ বিএমএসআরআই অফিসের কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দেন। তবে অভিযোগ ওঠে, আদালতের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিপক্ষ গ্রুপ ১২ মে ধানমণ্ডির অফিসে তালা লাগিয়ে দেয়, যা সরাসরি আদালত অবমাননার সামিল।
আর্থিক দুর্নীতি ও হয়রানি:
বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির কেনাকাটায় ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ দামে জিনিসপত্র ক্রয় করা হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জে বাংলাদেশ মেডিকেল কলেজের নামে জমি ক্রয়ে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এসব অনিয়ম ও অন্যায়ের প্রতিবাদ করায় বহু নিরীহ কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক ও অধ্যাপককে চাকরিচ্যুত, বরখাস্ত কিংবা সুদূর উত্তরায় বদলি করে হয়রানি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংক্ষুব্ধ অংশটি অবিলম্বে আদালতের নির্দেশনা বাস্তবায়ন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের পড়ালেখা ও স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখতে মাননীয় প্রধানমন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ ও সহায়তা কামনা করেছেন।

















