অপরাধচিত্র ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা ‘রিকনসিলিয়েশন’ অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ ধরনের উদ্যোগের আগে পুনর্মিলনের মৌলিক ভিত্তি ও শর্তগুলো স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
৬ অক্টোবর মঙ্গলবার তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারাও বাংলাদেশের নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়; বরং এমন উদ্যোগ নেওয়া গেলে ভালো হতে পারে। তবে এর আগে রিকনসিলিয়েশনের মৌলিক ভিত্তি কী হবে, তা নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, ‘মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে।’
তথ্য উপদেষ্টা বলেন, শুধু আলোচনার মাধ্যমে পুনর্মিলন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত এবং উভয় পক্ষের অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ এ বিষয়ে এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব।
জাহেদ উর রহমান আরও বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।


















