নুর আলাম বিপ্লব:নোয়াখালীর কবিরহাট উপজেলার আলীপুর ঘোষবাগ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) তার নিজ বাসায় এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি একই এলাকার ওই স্কুলের প্রতিষ্ঠাতার ছোট ছেলে আজমির হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মাহমুদা আক্তার বলেন, তিনি এ এলাকার সবার পরিচিত মুখ মোহাম্মদউল্ল্যা বিএসসির মেয়ে। সুনামের সাথে এই স্কুলে শিক্ষকতা করে আসছেন।
তিনি বলেন, আজমির হোসেন এসএসসি পাস। সে তার কাছে স্কুলের সভাপতি পদ চায়। প্রধান শিক্ষক কিভাবে তাকে স্কুলের সভাপতি বানাবে? এরপর সে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে ফেক আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাতে শুরু করে।
প্রধান শিক্ষক আরও অভিযোগ করেন, আজমির স্কুলের সাথে গরুর খামার করে পরিবেশ দূষণ করে। কিছু বললে সরাসরি খারাপ ব্যবহার করে। একজন সহকারী শিক্ষককে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে উপজেলা শিক্ষা অফিসারের নিকট দিয়েছিল, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।
তিনি বলেন, আজমির নিজেকে সাংবাদিক (ভুয়া) ও মন্ত্রণালয়ের লোক পরিচয় দেয়। তার কারণে তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি জানান, গত ১ নভেম্বর ২০২৬ সকাল ৮টা ৩০ মিনিটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। বাসায় এসে দেখেন আজমির আবার তার নামে মিথ্যা অপপ্রচার শুরু করেছে।
আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি কবিরহাট থানায় আজমির হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
তিনি একজন শিক্ষক হিসেবে তার সম্মান ও মর্যাদা রক্ষায় উপজেলা শিক্ষা অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিস সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

















