মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহিন খান (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার কলাগাছিয়া আছমতিয়া এনতেজিয়া দাখিল মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) কাওসার আহমেদের নেতৃত্বে এএসআই মো. সালাউদ্দিন, এএসআই মো. আরিফ হোসেন এবং কনস্টেবল মেহেদী হাসান বিশেষ অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করছিলেন। অভিযানের একপর্যায়ে উত্তর ঝাটিবুনিয়া গ্রামের মো. ফিরোজ আলম খানের ছেলে শাহিন খানকে আটক করা হয়।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ১০ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ১৫৭। মামলা রুজুর সময় রাত ১০টা ৩০ মিনিট।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।


















