শফিকুর রহমান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাঁচ বছর বয়সী নাতনিকে ধর্ষণের অভিযোগে গেদু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার গেদু মিয়া সরাইল উপজেলার বেড়তলা এলাকার বাসিন্দা। তিনি ওই শিশুর আপন নানা।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর সকালে শিশুটির নানি বেড়ানোর কথা বলে তাকে বেড়তলা এলাকার নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে অবস্থানকালে পরদিন সকালে শিশুটির জ্বর হয়েছে বলে তার মাকে মোবাইল ফোনে জানান নানি। পরে ওই দিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি এবং সারারাত বমি করার বিষয়টিও জানানো হয়।
পরদিন সকালে শিশুটিকে বাড়িতে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা তার শরীরে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখতে পান। শিশুটির প্রস্রাবের রাস্তায় আঘাতের চিহ্ন, চামড়া ছিলে যাওয়া এবং চোখ লাল হয়ে রক্ত জমাট বাঁধার মতো অবস্থা দেখতে পান তারা। পরে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মায়ের অভিযোগ, গত ১৭ অক্টোবর রাত থেকে ১৮ অক্টোবর সকাল ১০টার মধ্যে যেকোনো সময় শিশুটির নানা গেদু মিয়া তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ১০ নভেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি গেদু মিয়াকে গ্রেপ্তার করে।
এসআরবি-৯ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
শিশুর পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

















