টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফল করতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলা ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক দারুস সালাম নিশান (পিতা নূরুল আলম) এবং একই এলাকার বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাবের (পিতা আশরাফ মিয়া)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দারুস সালাম নিশান বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের উপধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তার নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি সফল করতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে। এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ বলেন, নিশানের নেতৃত্বে বাহারছড়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতির খবর পাই। পরে আমার চৌকস টিম মিছিলের আগেই অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রম ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আমরা সবসময় প্রস্তুত আছি। কেউ নাশকতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


















