Tuesday , 14 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সরকার সর্বাত্মকভাবে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
July 14, 2026 7:03 pm

ঢাবি প্রতিনিধি :

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাই আগামী দিনের বাংলাদেশ গঠনের অন্যতম চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে সর্বাত্মকভাবে পাশে থাকবে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উদ্যোক্তার পথ সহজ নয়। সফল হতে হলে নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা অতিক্রম করতে হয়। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। নিজের জীবনের বিভিন্ন প্রতিকূলতার অভিজ্ঞতা তুলে ধরে তিনি তরুণদের ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, দেশের বিভিন্ন প্রান্তের শিশু-কিশোর ও তরুণদের উদ্ভাবনী সক্ষমতা তাঁকে আশাবাদী করে তুলেছে। বর্তমান প্রজন্মই ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ ও বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাবেন। এ ছাড়া নির্বাচিত স্টার্টআপ উদ্যোক্তাদের অনুদানের চেক বিতরণ করা হয় এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, বরং তরুণদের উদ্ভাবন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে উন্মুক্ত সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তিনি শিক্ষার্থীদের চাকরিপ্রত্যাশী না হয়ে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাণিজ্যিকভাবে সফল উদ্যোগে রূপ দিতে সরকার ইতিমধ্যে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে। এই উদ্যোগ দেশের উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - রাজনীতি