গলাচিপা প্রতিনিধি,পটুয়াখালী :পটুয়াখালীর গলাচিপায় ডাকুয়া ইউনিয়নের বড় চত্রা দাখিল মাদ্রাসার এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ২০ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টার দিকে উলানিয়া বন্দর জৈনপুরী খানকা সংলগ্ন মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. অলিউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরেন বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ছয় লাখ টাকার আর্থিক লেনদেনের মাধ্যমে বড় চত্রা দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও জমিদাতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই গোপনে অন্য ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট খবিরকে প্রতিষ্ঠানের সভাপতি করা হয়েছে। পরে কমিটির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার নিবন্ধন ফি বাবদ ৪ হাজার টাকা এবং টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা নেওয়ার অভিযোগও করেন তাঁরা।
এ সময় বক্তারা অবিলম্বে বিতর্কিত এডহক কমিটি বাতিল, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোড় দাবি জানান।
প্রধান শিক্ষক মাওলানা মো. অলিউল ইসলাম জানান, বড় চত্রা দাখিল মাদ্রাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার ভবন নির্মাণের স্বার্থে ছয় মাস মেয়াদে এডহক কমিটি গঠন করা হয়েছে। প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও তাঁর প্রতিনিধি আবু নাইমের সঙ্গে আলোচনা করে তাঁদের মনোনীত প্রতিনিধি অ্যাডভোকেট খবিরকে সভাপতি করা হয়েছে।
কমিটি গঠনে ছয় লাখ টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নাউজুবিল্লাহ, এ ধরনের কোনো স্বার্থ আমাদের নেই। মাদ্রাসার ভবন নির্মাণ ও মাঠ ভরাটের উদ্দেশ্যেই আমরা খবির ভাইকে সভাপতি করেছি। এখন আমরা যদি এসব বিষয় নিয়ে কাদা-ছোড়াছুড়ি করি, তাহলে সবচেয়ে বেশি বঞ্চিত হবে মাদ্রাসাটি।’
ছাত্রদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তিনি জানান, রেজিস্ট্রেশন ফি বাবদ ২ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া অতিরিক্ত ক্লাসের জন্যও নির্ধারিত অর্থ নেওয়া হয়। তবে টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি কোনো অর্থ নেওয়া হয় না। কেউ এই অর্থ দিতে পারে, আবার কেউ দিতে না পারলে তাদের কাছ থেকে নেওয়া হয় না বলে দাবি করেন তিনি।


















