এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যাুরো।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাতাবাড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল আনুমানিক ৬টা ৩৯ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের মধ্যে সদর দক্ষিণ মডেল থানাধীন বাতাবাড়িয়া এলাকার আইরিশ হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম অভিমুখী মহাসড়কে ব্যানারসহ মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনায় সেখানে সমবেত হয়েছিলেন।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জনি সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশগ্রহণকারী অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পূর্ব জোড়কানন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৯নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগ সদস্য আঃ মালেক, যুবলীগ সদস্য মফিজুল ইসলাম, ছাত্রলীগ কর্মী হাবিবুর রহমান রাসেল, যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক সোহাগ এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী মোঃ খোকন মিয়া।
এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) সদর দক্ষিণ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০২৬)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় একটি মামলা (মামলা নং-৩৯/৫৪৭) দায়ের করা হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















