এম এ মতিন মাসুম, কুমিল্লা ব্যাুরো:
সরকারি সিদ্ধান্তে বেতন বাড়লেও সেই বাড়তি বেতনের পে-ফিক্সেশন করাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসে ফাইলপ্রতি ৫০০ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু পে-ফিক্সেশন নয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নতুন পেনশন ফাইল নিষ্পত্তিতেও ২০ হাজার টাকার বেশি দাবি করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। চাহিদামতো টাকা না দিলে নানা অজুহাতে ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি করা হয় বলে জানা গেছে।
এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা হিসাবরক্ষণ অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। তাঁর বিরুদ্ধে ফাইলপ্রতি অর্থ দাবি এবং টাকা না দিলে কাজ বিলম্বিত করার অভিযোগ তুলেছেন একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধির পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ হিসাবরক্ষণ অফিসে আবেদন জমা দিতে হয়। অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দিতে হয়; টাকা দিতে না চাইলে ফাইল দিনের পর দিন আটকে রাখা হয়।
সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশন ফাইলের কাজ সম্পন্ন হওয়ার পর তাঁর কাছে ৫০০ টাকা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার দাবি, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ ভাষায় অর্থ চাওয়া হয়; একপর্যায়ে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ বিব্রতকর পরিস্থিতি ও হয়রানি এড়াতে শেষ পর্যন্ত তিনি টাকা দিতে বাধ্য হন।
হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোটে প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, সবার পে-ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাত লাখ টাকা। তবে সবাইকেই একইভাবে অর্থ দিতে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, নতুন পেনশন ফাইল নিষ্পত্তির ক্ষেত্রেও ভোগান্তির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, পেনশন ফাইল ছাড় করাতে ২০ হাজার টাকার বেশি দাবি করা হয়। চাহিদামতো টাকা না পেলে কাগজপত্রে ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রাখা হয়, ফলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, “হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন আমরা তাঁদের কাছে টাকা জমা রেখেছি। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়, কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে দ্রুত কাজ হয়ে যায়।”
তাঁদের মতে, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবি করা অনৈতিক এবং বিশেষ করে অবসরপ্রাপ্তদের পেনশন নিয়ে এমন হয়রানি অত্যন্ত দুর্ভাগ্যজনক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেন প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর কাছ থেকে অভিযোগগুলোর বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বলেন, “আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তাঁরা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব।” প্রতিটি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগকে তিনি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন।


















