বিনোদন ডেস্ক :
ছোটপর্দার পরিচিত মুখ থেকে বড়পর্দার ব্যস্ত অভিনেতা–আবদুন নূর সজলের ক্যারিয়ারে যেন চলছে নতুন এক অধ্যায়। দীর্ঘ অভিনয়যাত্রায় নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। বদেল গেছেন অনেকটাই। এখন বেছে বেছে গল্প ও চরিত্র নির্বাচন করে সিনেমা ও ওটিটিতে নিজের অবস্থান আরও শক্ত করছেন এ অভিনেতা।
সেই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ঋতুকামিনী’ নিয়ে দর্শকের আগ্রহও কম নয়। আগামী নভেম্বরের মাঝামাঝি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে সজলের বিপরীতে অভিনয় করেছেন অধরা খান।
সিনেমায় একজন বখাটে যুবকের চরিত্রে দেখা যাবে সজলকে। চরিত্রটি ফুটিয়ে তুলতে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সজল বলেন, “অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছি। কখনও এক ধরনের চরিত্রে দেখা যায়নি আমাকে। ‘ঋতুকামিনী’ সিনেমায় নতুন চরিত্রে দর্শকরা দেখবেন।’’
নিজের চরিত্র প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিনেমায় বখাটের চরিত্রটি করার জন্য অনেক দিন ধরে প্রস্তুতি নিয়েছি। পরিচালক যেভাবে বলেছেন, সেভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস কাজটি সবার ভালো লাগবে।’
চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের প্রতি নিজের আগ্রহের কথাও জানিয়েছেন সজল। তাঁর ভাষায়, ‘চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এ ধরনের চরিত্র করতে ভালো লাগে। সিনেমাটিতে বিনোদনের পাশাপাশি দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তাও রয়েছে।’
‘ঋতুকামিনী’র পাশাপাশি সজলের হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমা। তানবীর হাসান পরিচালিত ‘যাযাবর’-এ আশনা হাবিব ভাবনার সঙ্গে প্রথমবার চলচ্চিত্রে জুটি বাঁধছেন তিনি। থ্রিলার ও অ্যাকশনধর্মী এ সিনেমায় সাসপেন্স ও ভায়োলেন্সের সমন্বয় থাকবে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে । শিগগির এর দৃশ্যধারণ শুরু হবে।
অন্যদিকে কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমায় প্রথমবার অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়েছেন সজল। মার্ডার মিস্ট্রি থ্রিলার ঘরানার গল্পে রোমান্স ও ড্রামারও মিশেল থাকছে। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।
রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’-এ শবনম বুবলীর বিপরীতে অভিনয় করছেন সজল। অ্যাকশন-রোমান্টিক ও বাণিজ্যিক ঘরানার এ সিনেমার শুটিং হয়েছে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকায়।
অভিনয়ের পাশাপাশি ডাবিং নিয়েও ব্যস্ততা রয়েছে সজলের। বর্তমানে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত তুর্কি ধারাবাহিক ‘সুলতান আবদুল হামিদ’-এ তাঁর কণ্ঠ শোনা যাচ্ছে। এর আগে ‘ম্যাকগাইভার’ চরিত্রে কণ্ঠ দিয়েও দর্শকের সাড়া পেয়েছিলেন তিনি। ফলে অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও নিজের বহুমাত্রিক প্রতিভার পরিচয় দিচ্ছেন সজল।
নাটক, সিনেমা, ওটিটি কিংবা ডাবিং–মাধ্যমের বিভাজনের চেয়ে কাজকে বড় করে দেখতে চান সজল। ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রের প্রতি তাঁর এ আগ্রহ হয়তো সামনে দর্শকদের উপহার দেবে তাঁর অভিনয়ের আরও নতুন রূপ।

















