অপরাধচিত্র ডেস্ক যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার একটি চক্রের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের সঙ্গে অর্থের বিনিময়ে প্রশ্ন ও উত্তর সরবরাহের চুক্তি করার তথ্য পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এ জন্য প্রার্থীদের সঙ্গে ১০ লাখ টাকার লিখিত চুক্তি করা হতো। পুরো অর্থ পরিশোধ না করা পর্যন্ত তাঁদের মূল শিক্ষাসনদ আটকে রাখা হতো। এককালীন টাকা দিতে না পারলে দুই থেকে তিন লাখ টাকার স্বাক্ষর করা ব্যাংক চেক নেওয়া হতো।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় জড়িত সন্দেহে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে ১০০ টাকার ১১৬টি স্ট্যাম্প, চাকরিপ্রার্থীদের ১০টি মূল সনদ, ৪০ জনের ব্যাংক চেকের পাতা ও চেকবই জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অফিস সহায়ক নূর মোহাম্মদ, কম্পিউটার অপারেটর মো. জাহাঙ্গীর, কম্পিউটার অপারেটর এস এম ইমদাদুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক আসাদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর মো. রুবেল ইসলাম এবং মফিজুল ইসলাম ও মো. হাসিনুর রহমান ওরফে সুজন।
এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন জানান, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মতিঝিল থানায় করা মামলার ছায়া তদন্ত করছে তাঁদের ইউনিট। তাঁর ভাষ্য, চক্রের সদস্যরা প্রশ্ন ও উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে স্ট্যাম্পে ১০ লাখ টাকার চুক্তি করতেন। পুরো টাকা পরিশোধ না করা পর্যন্ত প্রার্থীদের শিক্ষাসনদ নিজেদের কাছে রাখতেন। যাঁরা আগাম পুরো টাকা দিতে পারতেন না, তাঁদের কাছ থেকে স্বাক্ষর করা ব্যাংক চেক নেওয়া হতো।
যেভাবে ছড়িয়ে পড়ে প্রশ্ন ও উত্তর:
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর ভোর ৪টা ৪৩ মিনিটে এনবিআরের অফিস সহায়ক নূর মোহাম্মদ মুঠোফোনে প্রশ্নপত্রের একটি অস্পষ্ট ছবি পান। পরে সকাল সোয়া ছয়টার দিকে একই প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর জাহাঙ্গীরের কাছে প্রশ্নপত্রের আরও স্পষ্ট ছবি পৌঁছায়। এরপর প্রশ্নের উত্তর তৈরি করে চক্রের অন্য সদস্যদের কাছে পাঠানো হয়। তাঁদের মাধ্যমে সম্ভাব্য পরীক্ষার্থী ও প্রশ্নপত্রের গ্রাহকদের কাছে উত্তরপত্র ছড়িয়ে পড়ে বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
এসআরবি-৩-এর অধিনায়ক ফায়েজুল আরেফীনের বক্তব্য অনুযায়ী, এনবিআরের কর্মচারীদের হাত ঘুরেই ফাঁস হওয়া প্রশ্নের উত্তর চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছায়। তবে প্রশ্নপত্রটি প্রথম কোথা থেকে এবং কীভাবে তাঁদের হাতে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এসআরবির আরেক কর্মকর্তা জানান, অন্তত ৪০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে দুই থেকে তিন লাখ টাকা করে উল্লেখ করা স্বাক্ষরিত ব্যাংক চেক নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থগিত হয় নিয়োগ পরীক্ষা:
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন ৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন প্রার্থী।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়িয়ে পড়ে। সকাল ১০টা ৩ মিনিটে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
পরীক্ষা স্থগিতের ঘটনায় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে।
মামলা যাচ্ছে সিআইডিতে:
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মতিঝিল থানায় করা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। মামলার তদন্তকারী কর্মকর্তা মীর্জা মোহাম্মদ মুক্তা জানিয়েছেন, মামলার নথিপত্র সিআইডির কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে গত শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন তখনও জমা পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে গত শুক্রবার নতুন করে নিয়োগ পরীক্ষাটি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কারা জড়িত এবং প্রশ্ন কীভাবে চক্রের হাতে পৌঁছেছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষা রয়েছে।


















