নিজস্ব প্রতিবেদক :
রাজধানীরজাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকেঅজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় ।পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতদের আনুমানিক বয়স যথাক্রমে ৬৫ ও ৪৫ বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ সংলগ্ন ফুটপাতে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত ব্যক্তিরা ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে তাদের মৃত্যু হতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


















