স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ ফাইনালের আগে নিজের অবস্থান পরিষ্কার করলেন পেপ গার্দিওলা। সাবেক ম্যানচেস্টার সিটি কোচ জানিয়েছেন, তিনি কোনো নির্দিষ্ট জাতীয় দলের সমর্থন করেন না। বরং যেসব দলে তার পরিচিত ও পছন্দের খেলোয়াড়রা খেলেন, তাদের খেলাই উপভোগ করেন।
ওকেএক্সকে দেয়া এক সাক্ষাৎকারে ৫৫ বছর বয়সী এই স্প্যানিশ কোচ বলেন, ‘বিশ্বকাপে আমি কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করি না। যেসব খেলোয়াড়কে আমি চিনি, যাদের সঙ্গে কাজ করেছি বা যাদের খেলা পছন্দ করি, তাদের জন্যই আনন্দ নিয়ে সমর্থন করি।’
তিনি বলেন, ‘আর্জেন্টিনা জিতলেও সেখানে আমার পরিচিত খেলোয়াড় আছে। ফ্রান্সের ক্ষেত্রেও তাই। পর্তুগালেও এমন কয়েকজন খেলোয়াড় আছে, যাদের পারস্পরিক বোঝাপড়া আমাকে মুগ্ধ করে।’
তবে বিশ্বকাপ ফাইনালে স্পেন কীভাবে আর্জেন্টিনাকে হারাতে পারে, সে বিষয়েও নিজের মতামত দিয়েছেন গার্দিওলা। তার মতে, স্পেনের সাফল্যের চাবিকাঠি হবে মাঝমাঠের নিয়ন্ত্রণ। গার্দিওলা বলেন, ‘রদ্রি যদি নিজের স্বাভাবিক মানের খেলাটা খেলতে পারে, তার সঙ্গে যদি পেদ্রি ও লামিন ইয়ামাল সেরাটা দিতে পারে, তাহলে স্পেনই পার্থক্য গড়ে দিতে সক্ষম হবে।’
বিশেষ করে লামিন ইয়ামালের প্রশংসা করে তিনি বলেন, সাম্প্রতিক চোটের কারণে এই তরুণ ফরোয়ার্ড শতভাগ ফিট অবস্থায় বিশ্বকাপে আসতে পারেননি। তবু বয়সের তুলনায় চাপ সামলানোর অসাধারণ ক্ষমতা রয়েছে তার। ‘লামিন শারীরিকভাবে কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু তার বয়স বিবেচনায় চাপ সামলানোর ক্ষমতা অবিশ্বাস্য। সে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে,’ বলেন গার্দিওলা।
নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ। দীর্ঘ এক দশক ম্যানচেস্টার সিটিতে কাটানোর পর বর্তমানে কোচিং থেকে বিরত আছেন তিনি। গার্দিওলা বলেন, ‘আমি ৩৭ বছর বয়সে বার্সেলোনায় কোচিং শুরু করি, এখন আমার বয়স ৫৬। জীবনে নতুন কিছু করতে চাই। এই মুহূর্তে আমি খুব সুখে আছি।’
তবে ভবিষ্যতে আবারও ম্যানচেস্টার সিটিতে ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। ‘একদিন অবশ্যই ইতিহাদে ফিরব। কিন্তু এখন পর্দার আড়ালে থাকতে চাই। ক্লাবের প্রয়োজন হলে আমি থাকব,’ বলেন স্প্যানিশ এই কোচ।

















