নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।
রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী। বংশাল থানা আওয়ামী লীগের এক ওয়ার্ডের দফতর সম্পাদক রায়হান উদ্দীনের কক্ষ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ আছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ইন্ধন ও পরামর্শই জনমনে আতঙ্ক তৈরি করতে এমন কাজ করা হচ্ছে। পুলিশ তৎপর আছে। এ ধরনের নাশকতা প্রতিরোধ করা হবে।


















