নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ১৬ সেপ্টেম্বর পূর্বাহ্নে দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হলো।
আদেশটি আজকেই কার্যকর করার কথা বলা হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন।
মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটকের তথ্য দিয়েছিল পুলিশ। একইদিন এই মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। এ ঘটনায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অন্তত ৭২ জনকে আটক করে পুলিশ।


















