নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর দুমাসের পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শাহবাগ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, নগরের অপরাধপ্রবণ এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা। পোশাক ছাড়াও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে ২৪ ঘণ্টা। এতে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা কমেছে।
এদিকে, পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য উন্নতি ও চাপ কমাতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। পুলিশের আত্মহত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যক্তিগত কোনো কারণেও কেউ মানসিক চাপে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সাহায্য নিতে আহ্বান জানান তিনি।
এ ছাড়া, রাজধানীর থানাগুলোতে অফিসার্স ও ফোর্স ব্যারাক আধুনিকায়নে নজর দেয়া হয়েছে বলেও জানান ডিএমপির সর্বোচ্চ এ কর্মকর্তা।

















