অপরাধচিত্র ডেস্ক: পুঁজিবাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্রোকারেজ হাউসগুলোতে অডিট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে দেশের পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
১৮ জুলাই শনিবার রাজধানীর বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে আয়োজিত পুঁজিবাজারবিষয়ক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও ঘুরে দাঁড়ানোর জন্য রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সদিচ্ছা থাকায় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশা করছি।
মাসুদ খান বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল ও সুশৃঙ্খল করতে বর্তমান সরকারের অঙ্গীকার রয়েছে। বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ব্রোকারেজ হাউসগুলোতে নিয়মিত অডিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, কমিশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার নীতি অনুসরণ করবে না। সমষ্টিগতভাবে বাজারের স্বার্থ বিবেচনা করেই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত বিবেচনায় কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং বাজারে সুশাসন নিশ্চিত করাই এখন বিএসইসির প্রধান লক্ষ্য। এজন্য স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকর তদারকির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।


















