Sunday , 21 December 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযান চলবে: ইসি

প্রতিবেদক
Newsdesk
December 21, 2025 6:55 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখন থেকে যৌথ বাহিনীর নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি চলমান থাকবে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের অগ্রগতি গণমাধ্যমকে জানানো হবে। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার জনকে গ্রেপ্তার করা হচ্ছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।

বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তিন বাহিনীর প্রধান বা তাদের প্রতিনিধি, আইজিপি, এনএসআই, ডিজিএফআই, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার অংশ নেন।

বৈঠকে নির্বাচন কমিশনের চার কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

একই দিনে দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

 

 

সর্বশেষ - রাজনীতি