Friday , 31 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নির্বাচন ফেব্রুয়ারিতেই, তফসিল ডিসেম্বরে: ইসি আনোয়ারুল

প্রতিবেদক
Newsdesk
October 31, 2025 9:26 pm

পটুয়াখালী প্রতিনিধি :

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই রমজান মাসের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।

শুক্রবার (৩১ অক্টোবর) পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গণভোট সংসদ নির্বাচনের আগে হবে, না পরে হবে— বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

ইসি আনোয়ারুল বলেন, ‘গণভোটের বিষয়ে সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে এখনো পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন।’

পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি না, জানতে চাইলে মো. আনোয়ারুল বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে সেটার অপেক্ষায় আছি।’

নির্বাচনী প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন পরিকল্পনা বিধিমালার মধ্যে কতগুলো প্রতীকের একটি তফসিল থাকে। এটি সময় সময় নির্বাচন কমিশন পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে। আমরা এ সম্পর্কিত কার্যক্রম সম্পন্ন করে ফেলেছি।’

তিনি আরও বলেন, ‘প্রবাসী ভোটারদের আমরা নভেম্বর থেকে রেজিস্ট্রেশন শুরু করব। যারা কয়েদি আছেন, তারাও যেন ভোট দিতে পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ