নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘদিন ধরে চলা বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে পুলিশ বাহিনীর পোশাকে পরিবর্তন আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের শার্ট আগের রঙে বহাল থাকলেও প্যান্টের রঙ হবে খাকি।
সোমবার (৪ মে) সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা লক্ষ্য করেছি পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্য এবং সাধারণ জনগণ কেউই সন্তুষ্ট নন। এই পোশাকটি মানানসই ছিল না এবং জনমনেও তা সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। তাই পুলিশের আবেদনের প্রেক্ষিতে একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য ইউনিফর্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, শুদ্ধ বাংলায় বলতে গেলে এই ড্রেসটি মোটেও মানানসই বা ‘ওয়াইডলি একসেপ্টেড’ হয়নি। নতুন পোশাকের শার্টটি আগের মতোই থাকবে, তবে প্যান্টের রঙ পরিবর্তন করে খাকি করা হয়েছে। কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগায় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হবে। একটি পেশাদার ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যেই এই ঐতিহ্যবাহী পরিবর্তন আনা হয়েছে।
সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা নিয়ন্ত্রণহীনতা ছিল। তবে বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণকে পূর্ণ স্বস্তি দিতে কিছুটা সময়ের প্রয়োজন হলেও সরকার সঠিক পথেই এগোচ্ছে।
এদিনের সভায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ এবং সমন্বিত অভিযান পরিচালনার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


















