অপরাধচিত্র প্রতিনিধি (চট্টগ্রাম) : দায়িত্ব গ্রহণের পর এই প্রথম চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৯ আগস্ট রোববার একদিনের এই সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যাদুর্গতদের মাঝে নতুন ঘর ও পুনর্বাসন সহায়তা দেবেন। এছাড়া শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাৎসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী প্রথমে হেলিকপ্টারযোগে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পৌঁছাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর, ত্রাণ বিতরণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা দেবেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় দেশের শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময়েরও কথা রয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘মাদ্রাসায় আলেম, ওলামা ও সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও আমাদের দাবি দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’
এরপর প্রধানমন্ত্রী হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করবেন। সেখানে হেফাজতের সাবেক দুই আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন এবং পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন।’
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। যেসব স্থানে তিনি যাবেন, সেখানে নিরাপত্তা ও ব্যবস্থাপনার সব কাজ চলছে।’
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি এ সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ‘মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করবেন। এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে দলীয় জনসভায় অংশ নিয়েছিলেন।


















