Friday , 14 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
August 14, 2026 10:48 pm

ফরিদপুর প্রতিনিধি :

বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপির আয়োজনে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ১৮ বছর অনেক আন্দোলন-সংগ্রামের পর আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে ফিরে আসতে দেওয়া যাবে না।

শামা ওবায়েদ ইসলাম বলেন, উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সরকারের পক্ষেই সম্ভব। উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষেই সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে ছিল। ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের উন্নয়ন করার সুযোগ এসেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য প্রত্যেক ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। উন্নত মানের মাদরাসা প্রতিষ্ঠা করা হবে। ছোট ছোট ছেলে-মেয়েরা যাতে উন্নত শিক্ষা ও সুযোগ-সুবিধা পায়, সে ব্যবস্থা করা হবে।

এ সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উপস্থিত বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশে শামা ওবায়েদ ইসলাম বলেন, আগামী পাঁচ বছর আল্লাহতায়ালা সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়ন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাব।

বক্তব্যের একপর্যায়ে শামা ওবায়েদ ইসলাম মঞ্চে দাঁড়িয়ে ‘স্বৈরাচার না গণতন্ত্র’ ও ‘ফ্যাসিবাদ না উন্নয়ন’ স্লোগান দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তাঁর সঙ্গে স্লোগানে অংশ নেন।

ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

সর্বশেষ - রাজনীতি