Saturday , 18 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. চট্রগ্রাম
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. ঝালকাঠি
  15. ঝিনাইদহ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
July 18, 2026 6:39 pm

অপরাধচিত্র ডেস্ক: ফেনী জেলায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মাগরিবের নামাজের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা দেওয়া ও অকারণে ঘোরাঘুরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সাথে সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রশাসন।
১৮ জুলাই শনিবার দুপুরে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা রুখতে ও শিক্ষার্থীদের একটি সুশৃঙ্খল পরিবেশ ফেরাতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ জুলাই শুক্রবার থেকেই জেলাজুড়ে এ বিষয়ে সচেতনতামূলক ও পরামর্শমূলক মাইকিং শুরু হয়েছে। নির্দেশনার কার্যকর বাস্তবায়নে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দলের পাশাপাশি মাঠে কাজ করবে পুলিশ বাহিনীও।
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বার বার কিশোর অপরাধ ও গ্যাং কালচারের বিষয়টি উঠে এসেছে। লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে। এদের একটি বড় অংশ পরবর্তীতে মাদকের সংস্পর্শে চলে যাচ্ছে। এসব বিষয় বিবেচনা করেই আমরা এই পদক্ষেপ নিয়েছি।
তিনি আরও বলেন, এটি কোনো দমনমূলক সিদ্ধান্ত নয়। শিক্ষার্থীরা বাইরে বের হলেই তাদের বিরুদ্ধে ঢালাওভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-বিষয়টি এমনও নয়। আমাদের মূল লক্ষ্য হলো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমানো, অভিভাবকদের সচেতন করা ও শিক্ষার্থীদের মাগরিবের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরাকে নিরুৎসাহিত করা।
এই নির্দেশনার আলোকে ফেনী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে মাঠে নেমেছে এবং জনসচেতনতা বাড়াতে এলাকায় ব্যাপক মাইকিং করা হচ্ছে। একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও শিক্ষাবান্ধব ফেনী গড়তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে আইন মেনে চলার এবং অপ্রয়োজনীয় আড্ডা পরিহার করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের জন্য আড্ডা নয় বরং শিক্ষাই হোক প্রধান অগ্রাধিকার।
এই উদ্যোগকে সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি