নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো কার্যকর ও জনমুখী করতে সরকার কাজ করছে। নির্বাচন আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে পাঁচটি নির্বাচন আয়োজনের জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে।”
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সরকার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও পদক্ষেপ গ্রহণ করবে।”
এক প্রশ্নের জবাবে মীর শাহে আলম বলেন, “বগুড়ার উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে তুরস্কের সহায়তায় বগুড়ায় একটি ড্রোন নির্মাণ কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজও এগিয়ে চলছে।”
তিনি বলেন, “বগুড়ার উন্নয়ন নিয়ে কাজ করাকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।


















