কক্সবাজার ব্যুরো: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ থেকে সৃষ্ট প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ৩১ দিন পর চূড়ান্ত অভিযানে নিয়ন্ত্রণে এনেছে বাপেক্স। দীর্ঘ প্রস্তুতি শেষে দেশীয় প্রযুক্তিতে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংস্থাটি।শুক্রবার (২৭ নভেম্বর) সকালে চূড়ান্ত অপারেশন চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মূল অপারেশন শুরু হলেও আলোকস্বল্পতার কারণে সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছিল।শুক্রবার সকাল ৭টায় পুনরায় অভিযান শুরুর উদ্যোগ নেয়া হলেও যান্ত্রিক ত্রুটিতে কার্যক্রম পিছিয়ে যায়। ত্রুটি সারিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও কেসিং–ড্রিলিং পাইপ প্রস্তুত শেষে সকাল ৯টার দিকে আবারও অভিযান শুরু করে বাপেক্স।বাপেক্স সূত্রে জানা যায়, আগুন নিয়ন্ত্রণে গেল ১৪ দিন ধরে ২০ কর্মকর্তার তত্ত্বাবধানে কাজ করছিল বাপেক্সের ৫৫ সদস্যের দল।
২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৯ ঘণ্টাই চলেছে নিরবচ্ছিন্ন প্রস্তুতি। পরিকল্পনা অনুযায়ী, গভীরে পাইপ স্থাপন করে উচ্চচাপে বিশেষ কাদামিশ্রিত তরল প্রবেশ করিয়ে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হয়। এর পরের ধাপে সিমেন্ট দিয়ে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার কথা রয়েছে।তারা জানায়, এ অভিযানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আগুন নিয়ন্ত্রণে আনা।
তবে দেশীয় প্রযুক্তিতে অভিযানটি সফল হওয়ায় ব্যয় হচ্ছে মাত্র ১ থেকে ২ কোটি টাকা। অথচ বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হলে খরচ হতো ১০০ থেকে ১৫০ কোটি টাকা। এতে বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতে নতুন অভিজ্ঞতা যুক্ত হলো।

















