এহসান উল্লাহ, টেকনাফ থেকে : সেন্টমার্টিন দ্বীপে দুপুরের খাবারে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো: ইব্রাহিম নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট দেখা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে টেকনাফে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থতা অনুভব করেন এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে বিকেল ৩টার দিকে স্পিডবোটে টেকনাফের উদ্দেশে রওনা দেওয়া হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. এনামুল হক বলেন, ইব্রাহিমকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর আগে থেকে অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















