নুরুল আমিন ও আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব ,কক্সবাজার অফিস:
কক্সবাজারের উখিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কিশোর অপহরণের দায়ে মানবপাচারকারী চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি-১৫।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন, উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আশেক (১৯) এবং মো. আবুল কালামের ছেলে মো. ইমরান উদ্দিন (২০)।
সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবি-১৫ জানায়, গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে উখিয়ার মনখালী এলাকা থেকে মো. মাইমুন উদ্দিন (১৪) নামের এক কিশোর জুমার নামাজ পড়তে বের হলে অপহরণের শিকার হয়। চক্রের সদস্যরা তাকে মালয়েশিয়া পাচারের প্রলোভন দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে এবং বিষয়টি পুলিশকে জানালে কিশোর কে হত্যা করে সমুদ্রে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল রোববার বিকেলে নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারি দুজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কিশোরকে অপহরণ, মুক্তিপণ দাবি এবং মানবপাচারের চেষ্টার কথা স্বীকার করেছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে এসআরবি-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।


















