মো:রিয়াজুল হাসান(চয়ন), নীলফামারী:
‘নেশা নয়, শিক্ষা চাই—মাদকমুক্ত দেশ চাই, নেশার পথে পা নয়, আলোর পথে চলতে হয়’—এ স্লোগানকে সামনে রেখে ‘মাদকবিরোধী সচেতন যুবসমাজে’র আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থান গেটের সামনে এলাকাবাসীর উদ্যোগে গঠিত মাদকবিরোধী সচেতন যুব সমাজের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি রাত ১২ঃ০০ টায় শেষ হয়।
সৈয়দপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে শহরজুড়ে মাদকবিরোধী আন্দোলন আরও বেগবান করা, মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকবিরোধী সচেতন নাগরিকদের বিরুদ্ধে হামলা-মামলা ও হুমকির প্রতিবাদ জানানো ছিল সভার মূল উদ্দেশ্য। মো: রেজাউল করিম (রেজা), অফিসার ইনচার্জ, সৈয়দপুর থানা উক্ত প্রতিবাদ সভায় বলেন , “মাদকবিরোধী অভিযানে কোন রাজনৈতিক দলমতের সুপারিশ গ্রহণযোগ্য হবে না, এমন কোন অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মাদক নির্মূল কমিটির আহ্বায়ক ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর শাখার আমির শরিফুদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সভাপতি রওনক আফজাল রিনু, সাধারণ সম্পাদক মোছা. রূপা এবং পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোছা. সাবিয়া সুলতানা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আখতারুজ্জামান মন্টু, সাবেক সাধারণ সম্পাদক, নীলফামারী জেলা আইনজীবী সমিতি।
সভাটি সার্বিক তত্ত্বাবধান করেন বিশিষ্ট সমাজসেবক ও সৈয়দপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসরার আনসারী সাজু।
এছাড়াও সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ের নেতৃবৃন্দ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বস্তরের জনসাধারণকে মাদকবিরোধী কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


















