এম এ মতিন মাসুম,কুমিল্লা ব্যাুরো:
কুমিল্লার লালমাইয়ে গভীর রাতে এক বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার অলংকার, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করেছে ডাকাত দল। উপজেলার কেশনপাড় (পূর্বপাড়া) গ্রামের আবদুর রাজ্জাকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রাজ্জাক (৫৫) জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ছয়জনের একটি ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। তারা টিনের দরজা লাথি মেরে ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তারা ছেনি দেখিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে।
ডাকাত দল বাড়ি থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, একটি অপ্পো মোবাইল ফোন, আনুমানিক এক ভরি স্বর্ণালংকার ও সাত ভরি রূপার অলংকার লুট করে নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে দুই জোড়া কানের দুল, একটি চেন ও একটি আংটি এবং রূপার মধ্যে এক জোড়া নুপুর রয়েছে।
ভুক্তভোগী ও পরিবারের সদস্যরা আতঙ্ক এবং অন্ধকারের কারণে ডাকাতদের শনাক্ত করতে পারেননি। তবে ডাকাতরা আঞ্চলিক ভাষা ও সিলেটি ভাষায় কথা বলছিল বলে জানা গেছে। ডাকাত দল চলে যাওয়ার সময় বাড়ির পাশে একটি মোবাইল ফোন ফেলে যায়।
এ ঘটনায় পরিবারের কেউ আহত হননি। ডাকাতির ঘটনায় ফেলে যাওয়া মোবাইল ফোন এবং সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।


















