Saturday , 5 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা

প্রতিবেদক
Newsdesk
September 5, 2026 1:15 pm

অপরাধচিত্র প্রতিনিধি (ময়মনসিংহ): রাজনীতি থেকে অব্যাহতি চেয়েছেন মো. শুয়াইব সম্রাট নামে জামায়াতে ইসলামীর এক নেতা। ব্যক্তিগত সীমাবদ্ধতা ও নানা বাধ্যবাধকতার কারণে সাংগঠনিক দায়িত্ব এবং দলীয় কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
০৪ সেপ্টেম্বর শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।
শুয়াইব সম্রাট ফুলপুরে জামায়াতে ইসলামীর রোকন পদে রয়েছেন।
ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে শুয়াইব সম্রাট জানান, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। এরপর ২০২১ সালের ১৩ মার্চ তিনি জামায়াতে ইসলামীর রোকন হিসেবে শপথ নেন।
অব্যাহতি চাওয়ার কারণ হিসেবে ব্যক্তিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সাংগঠনিক দায়িত্ব ও দলীয় কার্যক্রম যথাযথভাবে নিয়মিতভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তার এই সিদ্ধান্তের পেছনে কোনো মতাদর্শিক বিরোধ, দলীয় সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত কিংবা কারও প্রতি ব্যক্তিগত ক্ষোভ নেই বলে পোস্টে উল্লেখ করেছেন শুয়াইব সম্রাট। তিনি এটিকে একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে দলের সাবেক ও বর্তমান সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, শুয়াইব সম্রাট দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছাত্রশিবিরের মাধ্যমে তার রাজনৈতিক কর্মকাণ্ডের শুরু হলেও পরবর্তীতে তিনি জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত হন। ২০২১ সালে রোকন হিসেবে শপথ নেওয়ার পরও তিনি দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, ‘তার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা কী, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘তদন্তের বিষয়টি বুঝেই হয়তো তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষ হলে তার বিষয়ে প্রকৃত তথ্য ও অবস্থান আরও স্পষ্টভাবে জানা যাবে। তাই তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
তবে এ বিষয়ে মো. শুয়াইব সম্রাটের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link